ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষায় ও নিরাপত্তা প্রদানে ব্যর্থতা এবং ‘স্বৈরাচারী’ সরকারের নীলনকশা বাস্তবায়নে সহযোগিতা করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ প্রশাসনের অন্যান্য সদস্যের পদত্যাগ দাবি করা হয়েছে। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জামায়াত-বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত মৌন পদযাত্রা শেষে এ দাবি জানানো হয়।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পুলিশ ও ছাত্রলীগের হামলা, হত্যা ও আহত করা, শিক্ষকদের অবমাননা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
উপাচার্যের পদত্যাগ ছাড়াও এ সময় তারা প্রধানমন্ত্রী ও ঢাবি প্রক্টরের পদত্যাগ, ছাত্রদের ওপর হামলাকারীদের বিচার ও অনতিবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হয়। এছাড়া শিক্ষক সমিতির দেয়া সব বিবৃতিকে প্রত্যাখ্যান করা হয়।
তদন্তে কমিটি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই কমিটি গঠন করা হয়। ঢাবি জনসংযোগ বিভাগের পরিচালক মাহমুদ আলম সেলফোনে বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।










