রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যানবাড়ি ইউটার্নে গাড়িচাপায় এক নারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। তারা দুজনই পোশাকশ্রমিক। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন দুটি কারখানার শ্রমিকেরা। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটার দিকে বনানী, মহাখালী ও গুলশানে যান চলাচল প্রায় বন্ধ ছিল। এর ফলে ওই এলাকা ছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়। সবশেষ সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।
সড়কে আটকা পড়া যাত্রীরা জানান, সকাল থেকেই তীব্র যানজট লেগে আছে এই এলাকায়। এক পোশাককর্মী গাড়িচাপায় নিহত হওয়ায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
এ সময় অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে।
নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। এ ঘটনায় আরেক পোশাকশ্রমিকের সুমাইয়া আক্তার আহত হয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরকার বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। এরপর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।









