নারায়ণগঞ্জের পিরোজপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে হৃদয় ভূঁইয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

গতকাল বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী ফল ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ভূঁইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তিনি মেম্বার প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর সমর্থক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পিরোজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। আজিজ সরকার মোরগ প্রতীকে ৯২৯ ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু ৮১১ ভোট পান। ফল জানার পর কয়েক দফা ভোট গণনা নিয়ে দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় কায়সার আহম্মেদ রাজুর সমর্থক হৃদয় ভূঁইয়া ও ওমর ফারুক (২৭) গুলিবিদ্ধ হন।

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নির্বাচন শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এ সময় আজিজ সরকারের সমর্থকদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে একজন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের আট সদস্য আহত হয়েছেন।