বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপেন্দ্রনাথ পাল (৭৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের এ তথ্য জানায়। দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় শ্মশানে তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসক উপেন্দ্রনাথ পাল সত্তরের দশকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিলেন। তার বাড়ি ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, গত সোমবার চিকিৎসক উপেন্দ্রনাথ পাল ফকিরহাটের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে করোনা পজেটিভ আসে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে, বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশের শরীরে কভিড-১৯-এর উপসর্গ না থাকায় বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৪৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন।