টাঙ্গাইলে এবার অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তার মধ্যে এখনো কোনো উপসর্গ প্রকাশ পায়নি। তিনি সখীপুর পৌরসভার বাসিন্দা। এছাড়া দেলদুয়ারের আরো একজনসহ জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, আক্রান্ত ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে নিয়মিত ঢাকায় যাতায়াত করতেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রোববার রাতে তার করোনা পজেটিভ তথ্যটি আমাদের ঢাকা থকে জানানো হয়। তিনি বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন। তার বাড়িটি লকডাউন করা হয়েছে। 

অন্যদিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের একব্যক্তি রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাটে চাকরি করতেন। তিনি সেখান থেকেই নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ রিপোর্ট এলে সরাসরি ধামরাইয়ে শ্বশুড়বাড়িতে চলে যান।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, রোববার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে আক্রান্ত একজন সখীপুর উপজেলার বাসিন্দা। এছাড়া জেলার দেলদুয়ার উপজেলার বাসিন্দা এক ব্যক্তি রাজবাড়ীতে করোনা পরীক্ষা করান। সেখানে তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন।