গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল সকালে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোয় পাওনা পরিশোধের দাবিতে টঙ্গীর বিসিক এলাকার একই মালিকানাধীন সুমি অ্যাপারেলস লিমিটেড ও দিশারি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। শ্রমিক আন্দোলন এড়াতে পাশের ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এসব কারখানার মধ্যে রয়েছে ত্রিভলি অ্যাপারেলস লিমিটেড, জিন্স অ্যান্ড পোলো, রেডিসন গার্মেন্টস লিমিটেড, আরবিএস ফ্যাশন অ্যাপারেলস লিমিটেড, বেলিসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেট্রিয়ট ইকো গার্মেন্টস লিমিটেড।
কারখানা সূত্রে জানা গেছে, গত বছরের ৯ এপ্রিল গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের দাবি অনুযায়ী গেজেটে পোশাক শ্রমিকদের গ্রেড সাত থেকে কমিয়ে পঁাচ করা হয়। গত ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে নতুন কাঠামোয় পোশাক শ্রমিকরা বেতন পাওয়ার কথা। চলতি বছরের জানুয়ারিতে সুমি অ্যাপারেলস লিমিটেড ও দিশারি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কারখানা দুটির মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেননি এখন পর্যন্ত। কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক শনিবার কাজে যোগ দিয়ে ডিসেম্বরের বেতন পরিশোধের দাবি জানান। পরে কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামোয় বেতন পরিশোধ করতে পারবে না বলে জানায়। গতকাল সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিস দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
কারখানার কয়েকজন শ্রমিক জানান, কারখানা দুটি একই মালিকের। শনিবার নতুন মজুরি কাঠামোয় বেতন পরিশোধের দাবি জানালে মালিক তাতে রাজি হননি। গতকাল কাজে যোগ দিতে এসে গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পরে বেলা বাড়লে কারখানা দুটির বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের ছয়টি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেন। বিষয়টি বুঝতে পেরে ওই ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা দুটির বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকার বিজিএমইএ ভবনে চলে যান বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ওসমান গণি।










