ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে দেশ যোজন যোজন দূরে চলে এসেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে গতকাল ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের’ দাবিতে মানববন্ধন করে সুজন।

সুজন সম্পাদক বলেন, ‘সাত খুনের সময় আমরা একবার এখানে মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এখানে মানববন্ধন করতে দেয়া হয়নি। আমরা বহু দিন থেকে এই সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে দাবি, আমাদের অধিকার হরণের বিরুদ্ধে দাবি করে আসছি। তারই ফলে ৫ আগস্টের স্বৈরাচার পতন সম্ভব হয়েছে। আমরা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারিনি। ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে আমরা যোজন যোজন দূরে চলে এসেছি।’

তিনি আরো বলেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে আপামর জনতার আন্দোলনে যে সরকারের পতন হয়েছে সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, এ সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এ সরকারের প্রতি আমাদের যে করণীয়, সেগুলো করতে এগিয়ে আসতে হবে। যারা অতীতে অন্যায় করেছে, অনিয়ম-দুর্নীতি করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’

আইনজীবী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘সুজনের এই আন্দোলনের নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি মনে করি, এই ছাত্র সমাজের অর্জনকে এগিয়ে নিয়ে যেতে হলে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, আমরা কোনোভাবে এই সুযোগটাকে অবহেলা করতে পারি না। এখানেই আমাদের দৃঢ় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’