ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ‘স্বাগত জানানো হবে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি রয়টার্সকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। এ বিষয়ে প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যাপন করে আনতে পারি আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি যদি আমাদের সঙ্গে দুইপক্ষে যোগাযোগ করে আসে, তাহলে আদালতে যাবেন, উনি মামলা ফেস করবেন।’

তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর জবাব দিয়েছেন এবং গতকাল আমি দেখলাম আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন। উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকেই বলছি আমরা তাকে স্বাগত জানাবো।’

জাহেদ উর রহমান আরো বলেন, উনার মামলার জন্য আইসিটি-তে এখন বিদেশী আইনজীবী আনারও সুযোগ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন।

উপদেষ্টা আরো বলেন, ‘তিনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময়। এই আইসিটিকে একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।’