শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এ দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
এতে আরো বলা হয়, এ হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ হামলার ঘটনা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এ অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।










