টাঙ্গাইলের সখীপুরে সর্দি, কাশি এবং বুকে ব্যথা নিয়ে জেসমিন আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মৃত জেসমিন উপজেলার বানিয়ারছিট গ্রামের আব্দুর বারেকের স্ত্রী।
পরে সকালে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে এবং নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, গভীর রাতে কোন এক সময় নিজ বাসাতেই জেসমিন মারা যান। তার সর্দি, কাশি এবং বুকে ব্যাথা ছিল। সকালে জানতে পেরে ওই নারীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি ওই বাড়িটিকেও লকডাউন করা হয়েছে।
নমুনার ফলাফল না পাওয়া পর্যন্ত বাড়িটি লকডাউন অবস্থায় থাকবে বলে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘রিপোর্ট আসার পর বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। ’









