সাবেক ডিবি প্রধান, বর্তমানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। 

বণিক বার্তাকে দুদক সূত্র জানিয়েছে, মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান দল এ অনুসন্ধান করছে। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দীন মিনহাজ। গত ১৯ আগস্ট এ অনুসন্ধান টিম গঠন করা হয়।

দুদক সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, গোল্ডেন স্কাই ফুটওয়্যার নামে তার স্ত্রীর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া হারুনের মা জহুরা খাতুন প্রেসিডেন্ট রিসোর্টের চেয়ারম্যান ও তার স্ত্রী পরিচালক। এটা তাদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান।