বরিশালে গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় গ্রামীণ ব্যাংকের উজিরপুর বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক মাইদুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আজ মঙ্গলবার বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ।

তিনি জানান, বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামীণ ব্যাংক কেন্দ্রে ম্যানেজার থাকাকালীন ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ১৭ জন গ্রাহকের ১ লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন মাইদুল ইসলাম। এ ঘটনায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৪ সালের ২ জুলাই মামলা দায়ের করেন। ২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান মামলার চার্জশিট আদালতে জমা দেয়। আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।