আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা আরো এক দফা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের জানান, আউট-অফ-কান্ট্রি ভোটিং’র (ভোটার নিবন্ধন) সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ববর্তী শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। বর্তমানে সেটি ২৫ ডিসেম্বর মধ্যরাত (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়া ২৪ ঘণ্টা খোলা থাকবে। ফলে বিশ্বের যেকোনও দেশ থেকে অনলাইনে আবেদন করা সম্ভব।
আখতার আহমেদ আরো জানান, সবশেষ তথ্য অনুযায়ী, এরইমধ্যে ১ লাখ ২২ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ লাখ ৬ হাজার আর নারী ভোটার ১৬ হাজারের বেশি। শুরুতে কিছু এলাকায় প্রযুক্তিগত সমস্যার অভিযোগ পাওয়া গেলেও তা সমাধান করা হয়েছে বলেও জানান তিনি। ফলে এখন বিদেশে বসবাসকারী যে কেউ সহজেই নিবন্ধন করতে পারবেন।
এছাড়া, তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন চালু করা হবেও বলে উল্লেখ করেন ইসি সচিব।










