কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায়
ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ জুলাই)
সকালে ভবনটি পরিদর্শনে যান সরকারপ্রধান।
সেতু ভবন পরিদর্শনের আগে সকালে রাজধানীর
পঙ্গু হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান বঙ্গবন্ধুকন্যা। তিনি চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর
নেন এবং আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের
অর্থনীতি পঙ্গু করে দিয়ে ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই নাশকতাকারীরা
এমন তাণ্ডব চালিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর ১০-এ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরদিন সকালে যান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে। একই দিন আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বঙ্গবন্ধুকন্যা আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার
আশ্বাস দিয়ে বলেন, দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যেন কেউ আর দেশবাসীর
জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।










