নানা আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) ওবায়দুর
রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বেলা ১১টায় শহীদ উদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য। আলোচক হিসেবে ছিলেন গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত মজুমদার ও বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম।









