ঈদের
আগে ঘরমুখো মানুষের ব্যবহৃত যানবাহনগুলো পদ্মা সেতুর চেয়ে বেশি ব্যবহার করেছে বঙ্গবন্ধু
সেতু। ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত সাতদিনে দৈনিক গড়ে পদ্মায় যানবাহন
চলেছে (উভয়মুখে) সাড়ে ২৭ হাজার। বিপরীতে বঙ্গবন্ধু সেতুতে একই সময়ে দৈনিক গড়ে যানবাহন
চলেছে ৩১ হাজারের বেশি।
বাংলাদেশ
সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, ১০ এপ্রিল পর্যন্ত সাতদিনে
বঙ্গবন্ধু সেতুতে সর্বমোট যানবাহন চলাচল করেছে ২ লাখ ১৮ হাজার ৪৭টি। অর্থাৎ দৈনিক উভয়মুখে
যান চলেছে ৩১ হাজার ১৫০টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার
২৫০ টাকা।
অন্যদিকে
পদ্মা সেতুতে ঈদের আগে সাতদিনে চলাচল করেছে ১ লাখ ৯৩ হাজার
৪৪৭টি যানবাহন। অর্থাৎ প্রতিদিন উভয়মুখে যানবাহন চলেছে ২৭ হাজার ৬৩৫টি।
এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২২ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।
বিবিএর
দৈনিক টোল আদায় সংক্রান্ত অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যাচ্ছে, উভয় সেতুতে
ঈদপূর্ব সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে ৯ এপ্রিল। ওইদিন বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ
যানবাহন চলাচল করেছে ৪৭ হাজার ৭৫৫টি। অন্যদিকে পদ্মা সেতুতে ৯ এপ্রিল
সর্বোচ্চ ৪৫ হাজার ২০৪টি যানবাহন চলাচল করেছে। যদিও ১০ এপ্রিল পদ্মা সেতুতে যান চলাচল
করেছে ২৬ হাজার ২১৫ ও বঙ্গবন্ধু সেতুতে ১৯ হাজার ২৭৩টি।
দেখা
গেছে, সার্বিক যানবাহন চলাচল ও টোল আদায়ে বঙ্গবন্ধু সেতু এগিয়ে থাকলেও দিনভিত্তিক টোল
আদায়ে এগিয়ে রয়েছে পদ্মা সেতু। ঈদের আগের সাতদিনের মধ্যে পদ্মা সেতুতে দৈনিক
টোল আদায় হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা। বিপরীতে বঙ্গবন্ধু সেতুতে দৈনিক টোল আদায় হয়েছে
২ কোটি ৪১ লাখ টাকা। বঙ্গবন্ধু সেতুর চেয়ে পদ্মা সেতুর টোল হার বেশি হওয়ায় যানবাহন
চলাচল কম হলেও টোল আদায়ে এগিয়ে রয়েছে পদ্মা সেতু।










