শ্রমিকদের ন্যায্য পাওনা না দেয়া ও দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগে তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম আদালতে দায়ের হওয়া মামলার ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্তরা হলেন— টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
শ্রম অধিকার লঙ্ঘন ও আইনগত অভিযোগে তাদের বিরুদ্ধে শ্রম আদালত, গাজীপুর এবং প্রথম ও তৃতীয় শ্রম আদালত, ঢাকায় মামলাগুলো চলমান রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এনসিবি) স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, কারখানার মালিকদের দ্বারা শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি অসহযোগিতামূলক বা অবহেলাপূর্ণ আচরণ সহ্য করা হবে না। এ ধরনের কাজের জন্য কঠোর পরিণতি ভোগ করতে হবে। এ সময় তিনি শ্রম উপদেষ্টার দৃঢ় পদক্ষেপের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান।










