দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি বলেছে, এসব ঘটনা শুধু পৃথক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির জন্য উদ্বেগজনক।

আজ রোববার রাজধানীর বনানীতে আইএসপিএবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা এবং চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। হামলার সময় একদল ব্যক্তি প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন এবং প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়।

আইএসপিএবির নেতারা বলেন, দেশের কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ঘটনা খাতটির নিরাপত্তা, বিনিয়োগ পরিবেশ ও সেবার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে— হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদার, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা এবং সংশ্লিষ্ট থানাগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশনা।

সংবাদ সম্মেলনে ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম।