মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কৃর্তপক্ষ। বৃহস্পতিবার (২ মে) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।


নোটিশে উল্লেখ করা হয়, কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলার স্বার্থে জানানো যাচ্ছে যে, কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল ও শ্রেণীকক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। কারো কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিসে শিক্ষার্থীদেরকে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করেও কলেজে আসতে বলা হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় শিক্ষকদের পাঠদান এবং অন্যান্য অসুবিধা সৃষ্টি হওয়ায় এর আগেও একাধিকবার মৌকিক নোটিস দেয়া হয়েছে। তবে তাতে কাজ না হওয়ায় এবার লিখিত নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কলেজে অনেকে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করার কারণেও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। তাই ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেলও।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসটি ছোট হওয়ায় মোটরসাইকেল শ্রেণীকক্ষে পাঠদানের পরিবেশ বিঘ্নিত করে বলেও উল্লেখ করেন তিনি।