পিরোজপুরে প্রজন্মলীগ সভাপতি ফয়সাল আকনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জেলার শহরতলীর নামাজপুর লাকায় বেশ কয়েকজন দুর্বৃত্তের হামলায় আহত হন প্রজন্মলীগের ওই নেতা। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।


আহত ফয়সালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠিয়েছেন বলে জানা গেছে।


ফয়সালের পিতা মোফাজ্জেল আকন জানান, গতকাল রাত নয়টার দিকে ব্যক্তিগত কাজে ফয়সাল বাড়ি থেকে বের হলে বেশ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে এলাকাবাসীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


দ্বাদশ জাতীয় নির্বাচনে এজন্টের দায়িত্ব পালনের ইস্যুকে কেন্দ্র করে সাইদুল ফকির, মিজান, জামাল, সাইদুল ফরাজী নামের চার জন তার ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করেছেন মোফাজ্জেল।


তিনি জানান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ফয়সাল পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থী শ ম রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট হিসেবে নামাজপুর এলাকায় দায়িত্ব পালন করেন। পরিবারের ধারণা এ ঘটনাকে কেন্দ্র করেই ওই আসনে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী একেএম আউয়ালের সন্ত্রাসীবাহিনী ফয়সালকে হত্যার চেষ্টা করেছে।


পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের বাবার সঙ্গে কথা বলেছি। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জেলা হাসপাতালের চিকিৎসক আরিফ হাসান জানান, রোগীর অবস্থা যথেষ্ট সংকটাপন্ন। তার মাথা, গাল, পিঠের নিচে থেকে পাকস্থলীর কিছু অংশ বের হয়ে এসেছে। ডান হাতের পেশি পুরাপুরি কেটে গেছে। বাম হাতের তর্জনীর মাঝখানের অংশটা সম্পূর্ণ পড়ে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনায় পাঠানো হয়েছে।