দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া ও গাজীপুরে চারজন রয়েছেন। এছাড়া চাঁদপুর ও সাতক্ষীরায় আরো দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুষ্টিয়া: শহরের বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক আব্দুল কাদের সিদ্দিকী (৩৮)। গতকাল সকাল ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তার তিন বছরের ছেলে আহনাফ ইব্রাহিম।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়া ফিরছিলেন আব্দুল কাদের। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বাইপাস এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই মারা যায়।

গাজীপুর: দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম রাজু ও অন্যজন জিয়া। এদের একজন পিকআপের চালকের সহকারী, অন্যজন মুরগি ব্যবসায়ী। আহত হয়েছেন পিকআপটির চালক।

সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ময়মনসিংহগামী মুরগিবাহী একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপের হেলপার ও ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়া পিকআপচালক গুরুতর আহত হয়েছেন।

চাঁদপুর: জেলার কচুয়ায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। গতকাল ভোরে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের সাচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ পূর্বপাড়া বড় হাজি বাড়ির আবু কালামের ছোট ছেলে।

সাতক্ষীরা: বাসের ধাক্কায় মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের কাছে বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ওসি শামীনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যতীন্দ্রনাথ মুখার্জি (৪০) আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত ডা. শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে। আহতরা হলেন যতীন্দ্রনাথ মুখার্জির বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি (৫৬) ও সুশান্ত বিশ্বাস (৩২)। মাহিন্দ্রাচালককেও আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে গেছেন স্থানীয়রা।

আহত মহেন্দ্রনাথ মুখার্জি জানান, তারা দুই ভাই সকালে একটি মাহিন্দ্রায় সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথে শহরের কাছাকাছি বিনেরপোতা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এ সময় মাহিন্দ্রা উল্টে রাস্তার ওপর পড়ে গেলে যতীন্দ্রনাথ মুখার্জি গুরুতর আহত হন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।