এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীদের একাংশ।
আজ বুধবার (২১ আগস্ট) নটরডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেয়া এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৪ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সবপক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে অসুদূরপ্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটরডেম কলেজের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা অযৌক্তিক।
উদ্ভূত সমস্যার সমাধানে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো—দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি-২০২৪ পরীক্ষা আয়োজন করতে হবে; বৈষম্যবিরোধী আন্দোলনে এইচএসসি-২০২৪ ব্যাচের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে (তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবে নাকি কর্তৃপক্ষ তাদের অটোপ্রমোশন দেবেন নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এই নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। আহত শিক্ষার্থীদের যেন ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে)।
বিবৃতিতে আরো বলা হয়, এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সাথে আলোচনা না করে একপাক্ষিক ভাবে যে অসুদূরপ্রসারী প্রজ্ঞাপন জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে তার প্রতিবাদে এবং তিন দফার সমর্থনে ২০২৪ ব্যাচের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুর ২টার দিকে মতিঝিলের নটরডেম কলেজ গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হবে।









