ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা হয়।
গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কুটি চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একটি মামলার মূল আসামি উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উজ্জ্বলের বিরুদ্ধে সদর থানায় ২০২৪ সালের ১৮ নভেম্বর দায়ের করা একটি মামলায় একাধিক ধারায় অভিযোগ রয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ৪৩৬, ১১৪ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।
গ্রেফতারের পর উজ্জ্বল মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।










