পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মুন (২৬) ও উৎপল চন্দ্র রায় (২৫) নামে দুই কারারক্ষী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলাধীন মাগুরা ইউনিয়নের পঞ্চগড়- আটোয়ারী সড়কের প্রধান পাড়া রজলীখাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই দুই কারারক্ষী পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারের সদস্য। মেহেদী হাসান মুনের দিনাজপুর পার্বতীপুর উপজেলার আব্দুল মমিন এবং উৎপল চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সত্যেন্দ্র নার্থের ছেলে। তারা দুজনে আটোয়ারী উপজেলা থেকে মোটরসাইকেলযোগে পঞ্চগড়ে ফিরছিলেন।
পুলিশ জানায়, দুপুরে আটোয়ারী থেকে ওই দুই কারারক্ষী মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে ফেরার পথে পঞ্চগড় -আটোয়ারী সড়কের সদর উপজেলার প্রধান পাড়া রজলীখাল পাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মী ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও ডিফেন্সের পরিদর্শক ভূপেন্দ্র নাথ চন্দ্র বর্মন বলেন,আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। আমরা জানতে পেরেছি, তারা দুজনে পঞ্চগড় জেলা কেন্দ্রীয় কারাগারের রক্ষী।
এদিকে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদহে আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করেছি তবে চালক পালিয়ে গেছে।









