টাঙ্গাইলের মধুপুরে ত্রাণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
বিক্ষোভে অংশ নেয়া আজগর, হালিম ও রাজ্জাক জানান, ভোট নাই তাই নেতারা আমাদের খবর রাখে না। প্রতিদিন রোজগারে যাদের জীবন চলতো তাদের করোনার প্রভাবে সব কাজ বন্ধ। সঞ্চয় শেষ হওয়ায় এখন অনাহারে দিন কাটছে। এখন না খেয়ে মরার অবস্থা। কিন্তু এই এলাকায় সরকারের মন্ত্রী ও দলের এতো বড় নেতা থাকার পরেও কেউ খোঁজ খবর নেয়নি। এখন পর্যন্ত সরকারি বে-সরকারি কোনো সহায়তার ছিটেফোঁটাও পৌঁছায়নি। যার ফলে মানুষ নিরূপায় রাস্তায় নেমেছে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা শিউলী বলেন, ওই এলাকার মানুষ একেবারেই ত্রাণ পায়নি তা সত্য নয়। দুটি ইউনিয়নে ৩৩ হাজার জনগোষ্ঠী। এর মাঝে অনেকেই সরকারের নানা সুবিধাভোগী প্রকল্পের সুবিধা পাচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে যারা সুবিধাপ্রাপ্ত নন এমন ৪৬২টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সবাই ত্রাণ পাবেন।









