দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

আজ বুধবার রাতে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার রিপার্ট করোনাভাইরাস পজিটিভ আসে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের শরীরে জ্বর অনুভূত হওয়ায় গতকাল মঙ্গলবার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আজ রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। 

তিনি আরো জানান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান আল ইমরান রাজুসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এখন পর্যন্ত বিরামপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৪ জনে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, গত দুই দিন থেকে আমার শরীরে জ্বর, গা-ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। গতকাল করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম, আজ পজিটিভ ধরা পড়ে। আমি এখন নিয়ম মেনে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবো।