আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৭তম আসরে অংশ নিতে বাংলাদেশ থেকে চীনের সাংহাই যাচ্ছে ছয় খুদে গণিতবিদের একটি দল। এ উপলক্ষে আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ দলের ছয় সদস্যকে পরিচয় করিয়ে দেন।

অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ জানান, ২২তম বারের মতো বাংলাদেশ গণিত দল এ বছর আইএমওতে অংশ নিচ্ছে। ৬৭তম আইএমওর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৪ জুলাই। তবে চীনের বেইজিং শহরে অনুষ্ঠেয় চতুর্থ আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্প ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ গণিত দল ২৪ জুন, বুধবার রওনা হবে। সামার ক্যাম্প শেষে ১৩ জুলাই বাংলাদেশ দল চীনের সাংহাইয়ে অনুষ্ঠেয় আইএমওতে যোগ দেবে এবং ২০ জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে গণিতের এই বিশ্ব আসর।

বাংলাদেশ দলের সদস্যরা হলো ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান।

এ ছাড়া দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুবুল আলম মজুমদার, উপদলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া।