চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগে ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্ট (আমরিন) কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।

গতকাল যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ল্যাবের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এ জন্য প্রয়োজন দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনশক্তি। শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান অর্জনের জন্য ল্যাবটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহায়তায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম নুর আলম।

অনুষ্ঠানে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।