দেশের সব বিভাগীয় শহরে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ও ভবিষ্যতের উপযোগী প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়ন করতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন। তিনি জানান, এটি বাংলাদেশের স্মার্ট নেশন হওয়ার পথে এক নতুন অধ্যায়।

ইয়াসির আজমান বলেন, সব বিভাগীয় শহরে ফাইভজি চালু করতে পেরে গ্রামীণফোন গর্বিত। এ সেবা দেশের মানুষের হাতে পৌঁছে দেবে রূপান্তরমূলক প্রযুক্তি। ফাইভজি প্রযুক্তি দ্রুততর ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক গড়ে তুলবে। এর মাধ্যমে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি ও স্মার্ট সেবার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, আমাদের মিশন হচ্ছে দেশের মানুষকে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে অগ্রগতি ও উৎপাদনশীলতা নিশ্চিত করা ও দেশজুড়ে সম্ভাবনার দুয়ার খুলে দেয়াই লক্ষ্য। আজকের এই মাইলফলক সেই মিশনকে আরো বেগবান করবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যত নির্মাণের এই যাত্রায় গ্রাহকরাই মূল অংশীদার। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও বিটিআরসিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। তাদের সহযোগিতায় দেশের মানুষের হাতে এ আধুনিক প্রযুক্তি পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।