বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী খালের নাফাখুমে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে খালটির নাফাখুমে জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক ইকবাল হোসেন (২৫)। তিনি ঢাকার ডেমরার রসুলনগরের মফিজুল ইসলাম ও রাশিদা বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, গতকাল আলীকদম উপজেলা থেকে ১৭ জনের একটি দল থানচি সদরে না গিয়ে তিন্দুতে যায়। এর আগে, তারা চট্টগ্রাম থেকে আলীকদমে আসে। ভ্রমণ নিষিদ্ধ থাকায় তারা পর্যটক রেজিস্ট্রেশন ও গাইড ছাড়াই নাফাখুমে বেড়াতে যায়। সেখানে সবার সঙ্গে ইকবালও পানিতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মজুমদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, তারা প্রশাসনকে জানিয়ে সেখানে যাননি এবং কোনো ট্যুরিস্ট গাইডও সঙ্গে নেননি। তিনি জানান, তিন্দুর বড় পাথর এলাকার উজানে সাঙ্গু নদ ও রেমাক্রী খালের নাফাখুমে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করার কারণ খোঁজা হচ্ছে।