সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে তৃতীয় লিঙ্গের দিথী খাতুন নির্বাচিত হয়েছেন। তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে দিথী খাতুনকে নিয়ে ভোটারদের মধ্যে এক ভিন্নমাত্রার উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল তৈরি হয়ে ছিল। অবশেষে সেই দিথী খাতুন আংটি প্রতীক নিয়ে এবারের নির্বাচনে ২ হাজার ১৭৯ ভোট পেয়ে কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে জয়লাভ করলেন।
সংরক্ষিত আসনে তার প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা ছিলেন আনারস প্রতীকে শাহানাজ খাতুন, চশমা প্রতীকে রূপা খাতুন, জবাফুল প্রতীকে হাসিনা আক্তার ও টেলিফোন প্রতীকে জাহানারা খাতুন।
২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দিথী খাতুন সর্বপ্রথম চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হন। সেই নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। অদম্য দিথী খাতুন এবার নির্বাচনে অংশগ্রহণ করেন আংটি প্রতীক নিয়ে। আর দ্বিতীয় প্রচেষ্টায় শেষ হাসিটি তিনিই হাসলেন।
বিজয়ের পর দিথী খাতুন বলেন, মানুষের পাশে থাকার যে সুযোগ তিনি পেয়েছেন সেটি কাজে লাগাবেন। তৃতীয় লিঙ্গের সকলকে সমাজের মূলধারায় নিয়ে আসতে তিনি কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।










