রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতাকে।

রোববার (৯ মার্চ) রাজবাড়ী আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় তারা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন— গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান আলহাজ মোস্তফা মুন্সি, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান ও যুবলীগ কর্মী ইদ্রিস।

মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজিব মোল্যা বাদী হয়ে গত ২৮ আগস্ট রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ জুলাই রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বিকাল ৩টার সময় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে ছাত্র-জনতা, শিক্ষক ও অভিভাবক সমাবেত হন। বিকাল সাড়ে ৩টার সময় অস্ত্রশস্ত্রসহ তারা ঘিরে ধরেন। তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজীব মোল্যা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ আন্দোলনকারীদের মারধর করে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।’