টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীতে আলোচিত ডাকাত সর্দার রফিক যৌথবাহিনীর হাতে আটক হয়েছে।
জানা যায়, সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের যৌথবাহিনীর একটি আভিযানিক দল হোয়াইক্যং ইউপির ৯ নং ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযানে যায়। এ সময় স্থানীয় আব্দুস সালাম ওরফে বাইট্টার পুত্র মো. রফিক প্রকাশের ডাকাত দল অভিযানকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। অভিযান পরিচালনাকারী দল আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে ডাকাত সর্দার রফিক গুলিবিদ্ধ হন। বেশ কিছুক্ষণ শ্বাসরুদ্ধকর অভিযানে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক কারবারী, অস্ত্রধারী ও পাহাড়ি অপহরণকারী ডাকাত দলের সর্দার রফিককে আটক করা হয় বলে স্থানীয় সূত্র দাবি করলেও যৌথবাহিনীর পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ডাকাত রফিককে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
তবে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ডাকাত রফিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, রফিক একজন শীর্ষ ডাকাত। তিনি আলোচিত আব্দুল হাকিম ডাকাতের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে টেকনাফ থানাসহ বিভিন্ন উপজেলায় অনেক মামলা রয়েছে। ডাকাত রফিকের নেতৃত্বে পাহাড় ও সড়কে প্রতিনিয়ত অপহরণ হয়ে আসছে। তিনি অনেক মানুষকে অপহরণ করে হত্যা করেছেন।










