কিন্তু এর পরিচয় এখন আর সাধারণ নেই। গ্রামটি এখন দেশজুড়ে পরিচিতি পেয়েছে ‘নার্সারি ভিলেজ’ হিসেবে। এখানকার প্রায় ৮০ ভাগ মানুষই সরাসরি নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত। গ্রামে ছোট-বড় মিলিয়ে রয়েছে পাঁচ শতাধিক নার্সারি। এসব নার্সারিতে উৎপাদিত হচ্ছে প্রায় দেড় হাজার প্রজাতির গাছের চারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে চারা কিনতে আসে। চারা বিক্রি করে এ গ্রামের মানুষ আজ স্বাবলম্বী। শুধু বর্ষা মৌসুমেই এখানে বিক্রি হয় প্রায় ১৫ কোটি টাকার চারা। আর সারা বছরের হিসাব করলে এ আয়ের অংক আরো অনেক বেশি।
যশোর সদর থেকে দক্ষিণে বাসুদেবপুরের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। গ্রামের পিচঢালা পথ ধরে এগোলেই চোখে পড়বে চমৎকার এক দৃশ্য। এখানকার কোনো জমিই অনাবাদি পড়ে নেই। রাস্তার দুইপাশে যতদূর চোখ যায়, শুধু ফুল, ফল, মসলা ও বনজ গাছের চারার মেলা। প্রতিটি বাড়ির সামনে শোভা পাচ্ছে নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। গ্রামটিতে নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। কেউ নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করছেন, কেউ ঝাঁঝরি দিয়ে পানি দিচ্ছেন। আবার কেউ চারা তুলে দিচ্ছেন ভ্যান, নসিমন, ট্রাক বা পিকআপে।
বাসুদেবপুরের প্রধান আকর্ষণ হলো লিচুর চারা। এখানকার চাষীদের দাবি, সারা দেশের মধ্যে এ গ্রামেই সবচেয়ে বেশি লিচুর চারা উৎপাদিত হয়। বিশেষ করে দিনাজপুরের চাষীদের কাছে এ চারার কদর অনেক বেশি। প্রতি বর্ষা মৌসুমে দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চারা পাঠানো হয়। একেক মৌসুমে প্রায় ৩০ থেকে ৪০ হাজার লিচুর চারা যায় দিনাজপুরে। শুধু বর্ষা ঋতুতেই ২০ থেকে ২৫ লাখ টাকার লিচুর চারা বিক্রি হয় এ গ্রামে।
আজকের এ বিপ্লবের শুরু হয়েছিল প্রায় অর্ধশতাব্দী আগে। সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর হাত ধরে এখানে নার্সারি ব্যবসার যাত্রা শুরু হয়। প্রথমে তিনি পতিত জমিতে মসলা ও লিচুর চারা চাষ শুরু করেন। পরবর্তী সময়ে তার দেখানো পথ ধরেই পুরো গ্রামে এ ব্যবসা ছড়িয়ে পড়ে। মোহাম্মদ আলীর ছোট ছেলে আনোয়ারুল ইসলাম জানান, তাদের নার্সারিটি খুলনা বিভাগের প্রথম নার্সারি। বর্তমানে তার ছেলেরা ২২ বিঘা জমিতে ঐতিহ্যবাহী ‘পুরাতন নার্সারি’ পরিচালনা করছেন। সেখানে এখন লক্ষাধিক চারা রয়েছে।
এ নার্সারি ব্যবসা বদলে দিয়েছে অনেকের ভাগ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে পাস করা এনামুল হক ঢাকায় ভালো বেতনে চাকরি করতেন। করোনার সময় চাকরি ছেড়ে বাড়ি ফিরে তিনি এক একর জমিতে নার্সারি শুরু করেন। ভালো লাভ হওয়ায় তিনি আর চাকরিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
আরেক সফল উদ্যোক্তা মোশাররফ গাজী। ৩৭ বছর আগে তিনি অন্যের জমিতে শ্রম দিতেন। এরপর পাঁচ শতক জমি ইজারা নিয়ে চারা তৈরি শুরু করেন। আজ তিনি ১৮ বিঘা জমির মালিক। চারা বিক্রির আয় থেকে তিনি বাজারে একটি দোতলা মসজিদ ও মাদরাসা তৈরি করে দিয়েছেন। তার নার্সারিতে বিদেশী পার্সিমন, ডরিয়ান, রামভুটান, পিনাক বাটার, কিউই, শ্বেত চন্দন, রক্ত চন্দন, আপেলসহ বিভিন্ন ধরনের ফলদ ও ভেষজ গাছের চারা পাওয়া যায়। মোশাররফ গাজীর মতো ভাই ভাই নার্সারির রুহুল আমিন, তরফদার নার্সারির রিয়াজ তরফদার, বিশ্বাস নার্সারির স্বপন কুমার বিশ্বাস ও বিসমিল্লাহ নার্সারির কুদরত আলী গাজীও চারা বিক্রি করে আজ কোটিপতি।
বাসুদেবপুর নার্সারি মালিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘গ্রামে ছোট নার্সারিগুলোও বছরে দেড় থেকে ২ লাখ টাকার চারা বিক্রি করে। বড়গুলোর বিক্রির পরিমাণ আরো অনেক বেশি। পুরো গ্রামে প্রতি বছর চারা বিক্রি থেকে ১৫ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন হয়।’ তার মতে, দেশের মানুষ যে লিচু খায়, তার সিংহভাগ চারা এ বাসুদেবপুর থেকেই যায়।










