শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা মূল্যবোধ নিয়ে গড়ে উঠুক। এজন্য প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ রোববার ঢাকার একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত 'ভেলিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ) ২০২৬'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে । এছাড়া প্রাথমিকের সব শিক্ষার্থীদের শীঘ্রই 'মিড-ডে মিল' প্রদান করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা কাজে লাগিয়ে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষাখাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ, বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাই কমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন এবং বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজা।