জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতে সিনেট ভবনে প্রবেশের পর পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনের গণনাকেন্দ্রে প্রবেশের সময় জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, ‘আমি আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি আসলে দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেয়া হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসঙ্গে সব হলের সংসদের গণনা শেষ করা যায় নাই। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা জানতে পেরেছি তিনি ইতোমধ্যেই ইহলোক ত্যাগ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা: চিত্রকলা) শিক্ষক হিসেবে যোগ দেন।