রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা দাবি আদায়ে রেললাইন অবরোধ করেছে। ফলে রাজশাহী রেল স্টেশনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ছাড়া বাকি সব জেলার রেল যোগাযোগ বন্ধ আছে।
সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে, শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জমায়েত হন। সেখান থেকে সম্মিলিত মিছিল নিয়ে এসে রেলপথ অবরোধ করেন। এ সময় ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’,‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- এমন সব স্লোগান দেন।
আন্দোলনে সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী মোট কোটা আছে ৫৬ শতাংশ আর মেধাবীদের জন্য মাত্র ৪৪ শতাংশ। এটা মেধাবীদের জন্য একটা বৈষম্য। আমরা এ বৈষম্য চাই না।
তিনি আরো জানান, সরকার থেকে এখনো তাদের দাবি মেনে নেয়া হয়নি। তাই চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ রেললাইন অবরোধ করা হয়েছে। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বর্জন করেছে এবং আন্দোলন চলমান অবস্থায় ক্যাম্পাসের কোনো বাসও চলাচল করতে পারবে না।









