টানা দ্বিতীয়বারের মতো বৈশ্বিক ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। শুক্রবার (১২ এপ্রিল) আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় ঐক্যমতের ভিত্তিতে তাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দেওয়া হয়।

চলতি বছরের ১ অক্টোবর থেকে পাঁচ বছর মেয়াদের জন্য পুনরায় নিযুক্ত হবেন তিনি। আইএমএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্বাহী বোর্ডের সভার পর বোর্ডের সমন্বয়ক আফনসো এস. বেভিলাকা ও আব্দুল্লাহ এফ. বিনজারাহ এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক বিভিন্ন সংকটে জর্জিয়েভার শক্তিশালী এবং সাবলীল নেতৃত্বের প্রশংসা করেছে নির্বাহী বোর্ড। মহামারি শুরু হওয়ার পর ৯৭টি দেশের জন্য ৩৬০ বিলিয়ন ডলারের বেশি নতুন অর্থায়নের অনুমোদন, সংস্থাটির সবচেয়ে দরিদ্র ও দুর্বল সদস্যদের জন্য ৬৫০ বিলিয়ন ডলার সমপরিমাণের ঋণ পরিষেবা ত্রাণ এবং ঐতিহাসিক বিশেষ অঙ্কন অধিকার (এসডিআর) বরাদ্দে অভূতপূর্ব নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে, সংস্থাটি স্থিতিস্থাপকতা ও স্থায়িত্ব এবং ফুড শক উইন্ডোসহ নানা উদ্ভাবনী নতুন অর্থায়ন সুবিধা চালু করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, আগামীর দিনগুলোর দিকে তাকিয়ে, সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতার বিষয়ে জর্জিয়েভার চলমান প্রচেষ্টাকে স্বাগত জানায় বোর্ড। আইএমএফ সকল সদস্যের চাহিদা পূরণে কাজ করে যাবে। সদস্য দেশসমূহের জন্য কার্যকর নীতি পরামর্শ, সক্ষমতা বিকাশ এবং অর্থায়নের মাধ্যমে সংস্থাটিকে শক্তিশালীকরণে জর্জিয়েভার প্রচেষ্টাকে সমর্থন দেবে। বোর্ড ব্যবস্থাপনা পরিচালকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

ক্রিস্টালিনা জর্জিয়েভার জন্ম বুলগেরিয়ার সোফিয়া শহরে, ১৯৫৩ সালে। বুলগেরিয়ার ইউনিভার্সিটি অব ন্যাশনাল অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং রাজনৈতিক অর্থনীতি ও সমাজবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি নেওয়ার পর ১৯৯৩ সালে বিশ্বব্যাংকের পরিবেশগত অর্থনীতিবিদ হিসেবে ক্যারিয়ার শুরু হয় তার। পরে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি।