প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে না এসে কিছু দল যে আন্দোলন করছে এখন পর্যন্ত তা গণতান্ত্রিক অধিকারের মধ্য রয়েছে। তবে নির্বাচন বানচালের মতো কর্মসূচি দিলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকবে।’ গতকাল দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আইন-শৃঙ্খলারক্ষকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।’ অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইডথ কমবে না, তবে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে সকালে সিলেট সার্কিট হাউজে জেলার ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
তিনি বলেন, ‘আমরা সরকার থেকে থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় সেজন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে।’










