বগুড়ার শেরপুর উপজেলায় নুরুল হক (৪০) নামে এক মাইক্রোবাসচালককে হত্যায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল দুপুরে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোয়ালের ডারা গ্রামের
মো. শাহিন ও গোপালপুরের শহিনুর রহমান, একই জেলার ভূরুঙ্গামারী উপজেলার ছোট দক্ষিণ গোপালপুর গ্রামের নজরুল ইসলাম নজু এবং দিয়াডাঙ্গার রোকেয়া বেগম, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার ইলিয়াস ও শাহাজুদ্দিন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের রাসেল, নরসিংদী জেলা সদরের ফজরকান্দি মৈশাদী এলাকার আমির হামজা, পটুয়াখালীর বাউফল উপজেলার মিন্দি এলাকার জালাল গাজী ওরফে পলাশ গাজী। এদের মধ্যে পলাশ গাজী, রোকেয়া বেগম এবং শাহীনুর ইসলাম পলাতক।
বগুড়া জজ কোর্টের রাষ্ট্র পক্ষের আইনজীবী নাছিমুল করিম জানান, ২০১৫ সালের ২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুরের একটি আমবাগানের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় শেরপুর থানার তত্কালীন এসআই সেরাজুল ইসলাম অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।










