টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাগর আলীকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ রোববার বিকালে উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের মগবর আলীর ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, আসামি হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন। হত্যার শিকার আব্দুল গনি সুদের ব্যবসা করতেন। আসামি সাগর আলীর সঙ্গে আগে থেকেই সুদের লেনদেন ছিল। আসামি বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হয়। গত মঙ্গলবার আব্দুল গনির কাছে দুইশ টাকার জন্য গেলে তাকে অনেক বকাঝকা করে তাড়িয়ে দেয়া হয়। এতে সাগর অপমান বোধ করলে এক সহযোগীকে নিয়ে হত্যা এবং টাকা পয়সা ও সম্পদ লুণ্ঠনের পরিকল্পনা করেন সাগর।
পরিকল্পনা অনুযায়ী সাগর তার সহযোগীকে নিয়ে বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টায় গনির বাসায় যান। যাওয়ার আগে সাগরের সহোযোগী বাজার থেকে চেতনানাশক নিয়ে যান। পূর্বপরিচিত হওয়ায় খুব স্বাভাবিকভাবে বাসায় ঢোকার অনুমতি পান তিনি। আকস্মিকভাবে চেতনানাশক ব্যবহার করে গনিকে অচেতন করেন। পরিবারে বাকি সবাই ঘুমে থাকায় অচেতন করা হয়। সবাইকে ঠাণ্ডা মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। স্থান ত্যাগ করার আগে বাসার মূল্যমান জিনিসপত্র নিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে যান তারা।
স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে সাগরের বোনের বাড়ি ব্রাহ্মণবাড়ি (মজিদ চালা) থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। অপর সহযোগীকে গ্রেফতার করতে র্যাব-১২ এর অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মাস্টার পারা এলাকার আব্দুল গনিসহ তার পরিবারের আরো তিন জনকে গত ১৫ জুলাই বুধবার দিবাগত রাতে হত্যা করা হয়। ১৭ জুলাই সকালে আব্দুল গনির বাসা থেকে দুর্গন্ধ বের হলে তার শাশুড়ি ও এলাকার লোকজনের মাধ্যমে দরজা ভেঙে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আব্দুল গনি, তার স্ত্রীও দুই সন্তান এই হত্যাকাণ্ডের শিকার।









