শিল্প পুলিশের ডিআইজি আজাদ মিয়া জানিয়েছেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস মালিকরা যাতে পরিশোধ করেন, সেটি নিশ্চিত করতে শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি ও শিল্পপুলিশসহ স্টেকহোল্ডার নিয়ে ঢাকায় ও ইউনিট পর্যায়ে দফায় দফায় সভা করা হয়েছে। যাতে ঈদের আগে সব শিল্প-কারখানা তাদের বেতন-বোনাস পরিশোধ করে।
তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, কিছু কারখানায় ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধ নিয়ে সমস্যা হতে পারে। সেগুলো নিয়ে কাজ করছে শিল্প পুলিশ। যাতে ঈদুল ফিতরের আগেই শ্রমিক ভাই-বোনেরা ঈদ বোনাস ও বেতন নিয়ে আনন্দে ঈদ উৎসব পালন করতে পারেন।’
গতকাল দুপুরে কাঁচপুর শিল্পাঞ্চলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিল্প পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আসাদুজ্জামান, শিল্প পুলিশ ইউনিট-৪-এর পুলিশ সুপার শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার আইনুল হকসহ অনেকে।
ডিআইজি আরো বলেন, ‘ঢাকায় শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে আরএমজি সেক্টর ও নন আরএমজি সেক্টরের শ্রমিকদের ঈদের আগে যেন ধাপে ধাপে ছুটি দেয়া হয়। একসঙ্গে সব শ্রমিকের ছুটি দিলে সড়ক মহাসড়কে পরিবহন সেক্টরে চাপ বাড়বে। তাই পর্যায়ক্রমে যাতে শ্রমিক ভাই-বোনদের ছুটি দেয়া হয়। যাতে সবাই ভোগান্তি ছাড়া নিরাপদে বাড়ি ফিরতে পারেন।’










