সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সেখান থেকে নামধারী এক চিকিৎসককে আটক করা হয়েছে। আটক সাদিয়া আক্তার (৪৩) অন্য চিকিৎসকের নাম ব্যবহার করে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিলেন।
এ ঘটনায় সোনিয়া ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামে এক চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম-পরিচয় ব্যবহার করে সাদিয়া আক্তার দীর্ঘদিন সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছেন। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সাদিয়া আক্তারকে আটক এবং সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।










