যশোর শহরের মণিহার থেকে মুড়লি পর্যন্ত সড়কের দুপাশের ৬৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় ও সওজের উপবিভাগীয় প্রকৌশলী আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় জানান, যশোর-খুলনা মহাসড়কে শহরের মণিহার থেকে মুড়লি মোড় পর্যন্ত ৩ কিলোমিটার ফোর লেন সড়কের কাজ শুরু করার জন্য এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর আগে ২০২০ সালের ২৬ নভেম্বর উচ্ছেদ অভিযান চালায় সওজ। কিন্তু জেলা পরিষদের আপত্তির কারণে অভিযান থেমে যায়। এদিন ৬৮টি অবৈধ স্থাপনা সরিয়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মোয়াজ্জেম হোসেন বলেন, মণিহার থেকে মুড়লী পর্যন্ত ফোর লেনের কাজটি সম্পন্ন করতে গতকাল ৬৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ সম্পন্ন হলেই সড়কটির নির্মাণকাজ শুরু করা হবে। এজন্য ঠিকাদার প্রস্তুত রয়েছেন।









