গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারীবন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার কারা অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বণিক বার্তাকে বলেন, নারীবন্দির পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সাত কর্মকর্তা কর্মচারীর সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া বন্দিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারীবন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের এক বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান।
রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর অতিক্রম করেন। বিষয়টি জানাজানি হলে কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দি পালানোর বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।
পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।










