আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিবেশসহ বিস্তারিত জেনেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন দূতের সঙ্গে বৈঠকের পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভোট আমরা কিভাবে করছি, কিভাবে গণনা করা হবে, কোথায় আসবে, রেফারেন্ডমের ব্যালটের সঙ্গে গণনার সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি সম্পর্কে বলেছি, সেটার একটা নমুনাও দেখিয়েছি।

মার্কিন রাষ্ট্রদূত কোড অফ কন্ডাক্টের ব্যাপারে জানতে চেয়েছেন উল্লেখ করে ইসি সচিব বলেন, আমরা বলেছি আমাদের এখানে কমপ্লেন ম্যানেজমেন্ট সেল আছে। আর আমাদের যে ইনকোয়ারি কমিটি, ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসগুলো সমন্বয় করা হচ্ছে।

কোনো জায়গায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কারো কাছ থেকে কোনো ওভারডুয়িংয়ের (বাড়াবাড়ি) কোনো খবর আছে কিনা সেটাও জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। ইসি সচিব বলেন, ‘ আমি বললাম যে দেখেন প্রাথমিকভাবে খবরগুলো আসে স্থানীয়ভাবে। এমন কোনো কিছু আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন, তাহলে আমরা উত্তর দিতে পারব।’