খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা দূরীকরণের সর্বোত্তম পন্থা নির্ধারণের সুপারিশ করেছে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে মানসম্পন্ন খাদ্য ব্যবস্থাপনার অনুরোধ জানানো হয়।
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে এসব সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মো. মকবুল হোসেন, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, এসএকে একরামুজ্জামান ও দ্রৌপদী দেবী আগরওয়ালা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতেই পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রহরী নিয়োগসংক্রান্ত আলোচনা করা হয়।
দেশের খাদ্য গুদামগুলোর নিরাপত্তার স্বার্থে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত নিরাপত্তা প্রহরী খাদ্য বিভাগে নিয়োজিত হলে সরকারি সম্পদ চুরি বা আত্মসাৎ স্থানীয় দুর্বৃত্তদের সঙ্গে যোগসাজশে সরকারি ক্ষতির আশঙ্কা থাকায় কমিটি সরাসরি নিয়োগের পক্ষে সুপারিশ করে। এছাড়া খাদ্য অপচয় রোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণার কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়।










