বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বাংলাদেশে
নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বে ৪ সদস্যের একটি
প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। আজ বুধবার (২১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের
সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির
খান বলেন, বর্তমান সরকার একটি দৃঢ় ম্যান্ডেট নিয়ে এসেছে। তিনি দায়িত্ব গ্রহণের প্রথম
দিনই বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ
বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন এবং বাংলাদেশ
এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩-এর ৩৪ ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও
গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করেছে। প্রয়োজনে এ আইন দুটো পরীক্ষা-নিরীক্ষা
করে সংশোধন/বাতিলের উদ্যোগ নেয়া হবে। এখন হতে সব ধরনের ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট
আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধানাবলী ব্যবহার করা হবে। বিদ্যুৎ
ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন বেগবান করা
হবে। এছাড়া মুহাম্মদ ফাওজুল কবির খান আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বর্তমান
বৈদেশিক মূল্য পরিশোধের দায় প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার। তাই তিনি বিদ্যুৎ ও জ্বালানি
খাতে বাজেট সাপোর্টের জন্য বিশ্ব ব্যাংকের কাছে এক (০১) বিলিয়ন মার্কিন ডলার প্রদানের
অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক
নতুন দায়িত্বের জন্য উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা বর্তমান সরকারের সঙ্গে
কাজ করতে আন্তরিক। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার ব্যাপারে প্রস্তাব
পেলে তারা আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন।
মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি
ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার
এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










