রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করেছে। সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশ ভবিষ্যতে তাদের সম্পর্ক আরো শক্তিশালী করার আশা প্রকাশ করেছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করে।

বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে দুই দেশের প্রতিনিধিরা অনানুষ্ঠানিক পরিবেশে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতে এ সম্পর্ককে আরো শক্তিশালী, গতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে নেয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত ৭ বছরের মধ্যে এ প্রথম বাংলাদেশ থেকে এত উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলকে দ্বিপক্ষীয় আলোচনার জন্য রাশিয়া আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। তাই এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।