সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের প্রতিবাদে ও সড়কে নিরাপত্তার দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সকাল ১০টা থেকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাগেট এলাকা অবরোধ করে রাখে তারা। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়।
এর আগে গত সোমবার দুপুরে পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের পাত্র সম্প্রদায়ের একটি বিবাহোত্তর অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। স্বজনদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বাড়িতে সহানুভূতি জানাতে গেলেও জেলা ও উপজেলা প্রশাসনের কেউ কোনো সহায়তা করতে আসেনি।
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের সার্কেল এএসপি শাহিদুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা। পরে বিকাল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারে সম্মত করেছেন। কিছুক্ষণের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরে আসে।










